ছবি: আপন দেশ
সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী জোটের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, জামত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এক সময় জান্নাতের টিকেট বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ ও সার সংকটের ধুয়া তুলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলগুলো একদিকে দেশের সংকটের কথা বলছে, অন্যদিকে সংকটের এ সময়ে হাজার হাজার লিটার জ্বালানি তেল পুড়িয়ে রাজনৈতিক শো-ডাউন বা লংমার্চ করছে।
দেশের সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলার নৈতিক অধিকার তাদের নেই। তারা মূলত জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে উন্নয়নের ধারা ব্যাহত করতে চায়।
আরও পড়ুন<<>>পেট্রোল ঢেলে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
প্রতিমন্ত্রী সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। আমাদের জলাশয়গুলো মাছ চাষের উপযুক্ত রাখতে হবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে সাঁতার শেখাতে হবে। এটি কেবল একটি শরীরচর্চা নয়, বরং জীবন রক্ষার একটি কৌশল। একইসঙ্গে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ হোসেন। এছাড়া বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































