ছবি : আপন দেশ
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের যে সংকট রয়েছে। যে সংকট আগামী এক মাসের মধ্যে তা দূর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (০৫ আগস্ট) দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেয়ার চেষ্টা করব।
এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করে হাসপাতালটিতে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, বাংলাদেশের প্রতিটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে আপনারা জানেন যে এ হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে তা দিতে পারিনি। আশা করি, আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, এ হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।
আরও পড়ুন <<>> পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
যদিও এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগছে।
তিনি বলেন, আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আসতে।
পরে ত্রাণমন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।
এসময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































