Apan Desh | আপন দেশ

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫০, ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

ছবি: আপন দেশ

জামালপুরে মাত্র ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এর মধ্যে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়াও দুই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বন্ধ দোকানের ভেতর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।

নিহতরা হলেন, মাদারগঞ্জের চরপাকেরদহ এলাকার সাইফুদ্দিনের মেয়ে রুপসী (১৬), বালিজুড়ি এলাকার রফিকুরের মেয়ে ও সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্সের শিক্ষার্থী রিমা (১৯), সদর উপজেলার নান্দিনা এলাকার শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) এবং মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী সামিউল ইসলাম ফকির আলী (৪৫)।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চরপাকেরদহ এলাকায় একটি সেচপাম্পের মেশিনঘর থেকে রুপসীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল রুপসী। পরে স্থানীয়রা মেশিনঘরের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। 

আরও পড়ুন<<>>চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় রুপসীর শরীরে পোশাক ছিল না। মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশিষ বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে রুপসী গণধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার রাতে জামালপুর শহরের কাচারিপাড়ার বকুল ভিলা থেকে রিমা (১৯) নামে সরকারি আশেক মাহমুদ কলেজের এক অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কয়েক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন রিমা। শুক্রবার তার কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার বিকৃত মরদেহ উদ্ধার করেন।

পুলিশের ধারণা, কয়েক দিন আগে কোনো একসময় রিমা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন শারমিন। তবে তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার আবাসিক এলাকায় যাই। সেখানকার একটি বাসায় কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এক মেয়ে রয়েছে বলে জানতে পারি। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।  

তিনি  আরও জানান, এ সময় জামালপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে রেল স্টেশন এলাকায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের বিস্তারিত বলা যাবে।

এছাড়াও মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় নিজের বন্ধ দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ফকির আলী (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন ফকির আলী। পরদিন সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাতে তার ভাই ও স্থানীয়রা শাটারের নিচ দিয়ে মেঝেতে তার নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুরে ময়নতদন্তে জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, দূটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর নেপথ্যের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

একই সময়ে চারজনের মৃত্যুর ঘটনায় জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেছে। চার  মৃত্যু ঘিরে দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ওঠেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়