ছবি: আপন দেশ
গাইবান্ধার ফুলছড়িতে কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন।
অতিরিক্ত দামে সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারি বরাদ্দের সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের কাছ থেকেও সার সরবরাহ ও বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আগাম ভুট্টা ও মরিচ চাষের প্রস্তুতি হিসেবে অনেক কৃষক প্রয়োজনের তুলনায় আগেই সার কিনে রাখছেন। এতে পরবর্তী সময়ে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনের আগে অতিরিক্ত সার কিনে মজুত না করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে।
আরও পড়ুন<<>>নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। কেউ বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন দলে ভাগ করে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে সার সরবরাহ, বিক্রি ও ব্যবহারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কিংবা সরকারি বরাদ্দের সার নিয়ে অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চরাঞ্চলের কৃষকরা জানান, সারের সরবরাহ ও মূল্য নিয়ে নিয়মিত নজরদারি থাকলে তারা সময়মতো ন্যায্যমূল্যে সার কিনে চাষাবাদ করতে পারবেন। কৃষকদের স্বার্থে সার বিক্রিতে মাঠপর্যায়ের মনিটরিং আরও জোরদার ও নিয়মিত করার দাবি জানিয়েছেন তারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































