Apan Desh | আপন দেশ

বিচারের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৫, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৪৬, ১৭ আগস্ট ২০২৬

বিচারের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসনে মো. ইউসুফ আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চরহাজীগঞ্জ গাবতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউসুফ আলীকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর এবং জোর করে বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (০১ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি ইউসুফ আলীকে ডেকে নিয়ে যান। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর ও জোর করে বিষাক্ত পদার্থ খাওয়ায়। 

পরিবারের ভাষ্য অনুযায়ী, গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে চরহাজীগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন<<>>দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

নিহতের পরিবারের দাবি, মৃত্যুর আগে ইউসুফ আলী একটি ভিডিও বক্তব্য দিয়ে যান। ওই ভিডিওতে তিনি অভিযোগ করেন, শনিবার রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে জুলহাস তাকে জানান, শামীম তাকে ডাকছেন। পরিচিত হওয়ায় তিনি চরহাজীগঞ্জ বাজারে বশির মেম্বারের বাড়ির পাশে পদ্মা নদীর তীরে বালুর স্তূপের কাছে যান। সেখানে শামীম তাকে ‘সেই ঘটনা তুই প্রকাশ করলি কেন’-এমন প্রশ্ন করে মারধর শুরু করেন বলে ভিডিওতে দাবি করেন তিনি।

ভিডিও বক্তব্যে ইউসুফ আলী আরও অভিযোগ করেন, সেখানে থাকা আরও কয়েকজন তাকে মারধর করেন এবং জোর করে ঘাস মারা ওষুধ খাওয়ানো হয়। পরে কোনোভাবে সেখান থেকে পালিয়ে রাস্তার পাশে পৌঁছালে ইউনুস খালাশীর ছেলে সুবাহানা খালাশী তাকে উদ্ধার করে চরহাজীগঞ্জ বাজারে নিয়ে যান। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ইয়াসমিন ও শামীমের মায়ের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জের ধরে ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউসুফ আলী হত্যার ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement