Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে গাছসহ গাঁজা চাষিকে গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ২ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৫২, ২ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে গাছসহ গাঁজা চাষিকে গ্রেফতার

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের বিরুদ্ধে  সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, কয়েকটি গাঁজার গাছ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গাঁজা চাষের সঙ্গে জাড়িত একজনকেও গ্রেফতার করা হয়।

রোববার (০২ আগস্ট) ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন একটি সরু সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় রাখা বস্তা থেকে প্রায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) মূলে আদালতে পাঠানো হবে। পরবর্তীতে মালিকানা শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। 

আরও পড়ুন<<>>সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে সেলাই মেশিন-ভ্যানগাড়ি বিতরণ

একই দিন দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) এর বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে ফজর আলী শুক্কুরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারিরা যেখানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে সক্ষম। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়