Apan Desh | আপন দেশ

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৬, ১৮ জুলাই ২০২৬

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

ছবি: আপন দেশ

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) ভোর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

শনিবার দুপুরে আল-সাদিক হৃদয় নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর স্মৃতি স্তম্ভের পাশে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে লেখাপড়া শেষ করে প্রায় তিন থেকে চার মাস আগে তিনি স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা যায়। তার বাড়ি জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে। এছাড়া জামালপুরে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত বলে স্থানীয়রা জানিয়েছেন। 

আরও পড়ুন<<>>দক্ষ জনশক্তি গড়ে ওঠলে দেশের উন্নয়ন হবে: ডেপুটি স্পিকার

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তারা।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহবায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোর রাতে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

প্রতিবাদ হিসেবে সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের এএসপি (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। এ ঘটনায় কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়