ফাইল ছবি, আপন দেশ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন স্থানীয় এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা অপরিহার্য। পল্লী সমবায় ও বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছে। গ্রামীণ জনপদকে সমৃদ্ধ করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিআরডিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারি এবং উপ-আইসিটি কর্মকর্তা নবীউল করিম সরকার।
সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের সফল উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিআরডিবির কার্যক্রমের সুফল তুলে ধরে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেন সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেন।
উপকারভোগীরা জানান, বিআরডিবির সহজ শর্তের ঋণ এবং কারিগরি সহযোগিতায় তারা দরিদ্রতাকে জয় করেছে। এখন তারা আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় দলের সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































