Apan Desh | আপন দেশ

গ‍্যাস লিকেজ বিস্ফোরণে স্বামী-স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ১১ জুন ২০২৬

গ‍্যাস লিকেজ বিস্ফোরণে স্বামী-স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুরের ছোটবাগ এলাকার একটি একতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী পোশাক শ্রমিক সুলতানা আক্তার (৪২), তাদের কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯) এবং স্কুলপড়ুয়া মেয়ে মিমি (৯)। দুর্ঘটনায় হযরত আলী (৮) নামের এক পথচারী শিশুও দগ্ধ হয়েছে।

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের ওই একতলা বাড়িটিতে ভাড়া থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ (ছিদ্র) ছিল। বৃহস্পতিবার সকালে আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষে তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসাতে গেলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা চারজন ও বাসার বাইরে থাকা পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।

আরও পড়ুন<<>>শূন্যরেখা থেকে থানা হেফাজতে নেয়া সেই বৃদ্ধের পরিচয় মিলল

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

তিনি বলেন, আলী আহমদ মান্নানের শরীরের ৩০ শতাংশ, তার স্ত্রী সুলতানার ৯০ শতাংশ, ছেলে সিয়ামের ৭৭ শতাংশ এবং মেয়ে মিমির ৪১ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের চারজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

তবে পথচারী শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়লেও তার আঘাত গুরুতর নয় বলে জানান এ চিকিৎসক।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়