ছবি: আপন দেশ
লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পাঁচটি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে ৩৩জনকে শূন্যরেখায় ফেলে রাখে বিএসএফ। পরে রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ঐ লোকদের সরিয়ে নিয়েছে বিএসএফ।
শুক্রবার (০৫ জুন) দিনগত মধ্যরাতে তাদের সরিয়ে নেয়ার পর শনিবার (০৬ জুন) এ তথ্য জানা যায়।
এর আগে শুক্রবার ভোর রাতে একই সীমান্ত দিয়ে তাদের পুশ-ইনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তারা বিফল হয়েছে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত এলাকায় আরও ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। গ্রামবাসীর সহায়তায় বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
আরও পড়ুন<<>>সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
পুশ-ইনে ব্যর্থ হলে দিনভর এসব মানুষকে শূন্যরেখায় রোদে আটকে রাখে বিএসএফ।
শূন্যরেখা থেকে এসব মানুষকে সরিয়ে নিতে বিজিবি কঠোর বার্তা দিলেও প্রথম দিকে কর্ণপাত করেনি বিএসএফ। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে উল্টো বিজিবির ওপর দায় চাপানোর চেষ্টা করে তারা।
বৈঠকে পুশ-ইনের শিকার মানুষগুলো বিএসএফের উপস্থিতিতে জানান, তারা ভারতীয় এবং ভারত থেকেই এসেছেন। এমন বার্তার পরেও দিনভর নানান নাটকীয়তা করে অবশেষে রাতের আঁধারে সীমান্ত বাতি নিভিয়ে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের নিজ ভূখণ্ডে সরিয়ে নিয়েছে বিএসএফ। যে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।
এছাড়া সাপাহারের হাঁপানিয়া সীমান্তে ভোরে ১৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। তারও ভারতের শূন্যরেখাতেই অবস্থান নেন।
কাউকেই অনুপ্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে বিজিবি।
এছাড়াও বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তে ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে ১০ জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্যরেখায়। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































