Apan Desh | আপন দেশ

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর ইমাম এখন মানসিক হাসপাতালে

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ১৫ মে ২০২৬

ধর্ষণ মামলায় নির্দোষ ফেনীর ইমাম এখন মানসিক হাসপাতালে

ছবি : আপন দেশ

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন ফেনীর পরশুরামের ইমাম মোজাফফর আহমেদ। বর্তমানে তিনি মানসিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) তাকে ঢাকা এনলাইটেনেড সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৭ এপ্রিল মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি অপমানের বিচার চেয়ে প্রতিবাদী হয়ে ওঠেন। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ৯ মে ফেনীতে সংবাদ সম্মেলন করে ইমামের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ফেসবুকে স্ট্যাটাসে জানান, বৃহস্পতিবার রাতে তার ছোট ভাইয়ের বাসায় ছিল ইমাম মোজাফফর আহমেদ। সেখানে তিনি হঠাৎ অসংলগ্ন কথাবার্তা বলে বাসার জিনিসপত্র ভাঙচুর করেন। পরে বাসার সদস্যদের মারধরের চেষ্টা করেন। এরপরে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে এনসিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, ইমাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার মা-বাবা রয়েছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশলের তত্ত্বাবধানে আছেন। সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছে এনসিপি।

আরও পড়ুন <<>> কার দোষে কে জেলে

এদিকে গত ৮ মে ইমাম মোজাফফর আহমেদের মা জানিয়েছিলেন, তার ছেলের ছোটকাল থেকে মানসিক সমস্যা ছিল। কিছু দিন চিকিৎসা করালেও টাকার অভাবে পরে আর চিকিৎসা করাতে পারেননি তারা।

উল্লেখ্য, ২০১৯ সালে পরশুরামে মক্তব পড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয় ২০২৪ সালে। ৩২ দিন তিনি কারাগারে ছিলেন এবং পরে মামলা থেকে অব্যাহতি পান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়