ছবি: আপন দেশ
ছাত্রদলের নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা শাখাসহ বিভিন্ন ইউনিটের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দ্রুত এ কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
সোমবার (০৪ মে) দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীরা। পরে তারা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মিরা বঞ্চিত হয়েছেন।
সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।
আরও পড়ুন<<>>‘পণ্য কেনা-বেচায় ওজনে অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার নির্দেশ’
নাছিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, নাছির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এ পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।
তবে পকেট কমিটির অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, যারা পদ পাননি তারাও ত্যাগী এটা ঠিক। কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপনারা আমার ছাত্ররাজনীতির অতীত পদ-পদবীগুলো দেখেন। আমি মামলা-হামলার শিকার হয়েছি।
এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর প্রমূখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































