ফাইল ছবি
উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ভারী বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পাকা বোরো ধান রক্ষায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত ফসল কেটে ফেলার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলতে কৃষকদের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভোগাই-কংস নদ-নদীর পানি দ্রুত বাড়বে।
পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে, ২৮ এপ্রিল নাগাদ কিছু স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও, ওই সময় থেকে আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। এতে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।
আরও পড়ুন <<>> ‘অনৈতিক ব্যবসার কারণে তেল সংকট হয়েছে’
ফসল রক্ষায় কৃষকদের সচেতন করতে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কাজ করছে। দ্রুত ধান কাটার জন্য জনবল ও কম্বাইন হারভেস্টার প্রস্তুত রাখার ওপর জোর দেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর সুনামগঞ্জে প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ ধান কাটা হয়েছে। জ্বালানি তেলের সংকট না থাকলেও হাওরের জলাবদ্ধতার কারণে কিছু এলাকায় হারভেস্টার মেশিন প্রবেশে সমস্যা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































