ছবি : আপন দেশ
কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা ‘নারিকেল বাগান’ চরে এ বিস্ফোরণ ঘটে।
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১০) এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল চারটা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শান্তনু ঘোষ জানান, বিস্ফোরণে সাদেকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। শরীরের অন্যান্য স্থানেও আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সাদেক মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাফ নদীর পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য অবস্থিত। সাদেক জাইল্যাখালী খালের শেষ প্রান্তে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরে ফেরার সময় শূন্যরেখার ‘নারিকেল বাগান’ এলাকায় পৌঁছালে বিস্ফোরণটি ঘটে।
জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী চর ও আশপাশের এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছে রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ মাইনের বিস্ফোরণেই সাদেকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। তার ডান পায়ের হাঁটুর নিচেও গুরুতর আঘাত লাগে।
আরও পড়ুন <<>> তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে ৩ যুবকের জেল
বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জাফর আলম বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় অনেক রোহিঙ্গা পরিবার অর্থসংকটে পড়েছে। জীবিকার তাগিদে তারা নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে নামেন। এতে মাইন বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে।
পুলিশ জানায়, চলতি বছর ২৯ মার্চ উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় আরেকটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবদুল হাকিম (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়।
এর কয়েক দিন আগে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তেও একই ধরনের বিস্ফোরণে শহীদুল ইসলাম (২৫) নামের আরেক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। তারও একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































