Apan Desh | আপন দেশ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩১, ১ এপ্রিল ২০২৬

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। বুধবার (০১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ট্রেনটির চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায় এবং কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে আশপাশের জমিতে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর বিকট শব্দে একাধিক বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বগি পাশের জমিতে পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে এবং এর পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ট্রেনের বগি থেকে তেল নিচে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমায়, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন <<>> মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়