Apan Desh | আপন দেশ

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৮, ১ এপ্রিল ২০২৬

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সংঘর্ষে গুরুতর আহত কৃষক রহম আলী (৭০) আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। 
বুধবার (০১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রহম আলী উপজেলার কেওয়াড়জোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের মৃত জগর আলীর ছেলে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের চাচা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াড়জোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সঙ্গে একই এলাকার নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের নেতৃত্বাধীন বিএনপি সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও কয়েক দফা সংঘর্ষ ও আদালতে একাধিক মামলা হয়েছে। 

আরও পড়ুন<<>>বাগেরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের একদিন পর, গত ২৩ মার্চ সকালে নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের নেতৃত্বে বিএনপি সমর্থকরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে রহম আলীসহ অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত রহম আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়