Apan Desh | আপন দেশ

পুলিশ হত্যাসহ সব অপরাধের বিচার হবে: আইজিপি

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২৭ মার্চ ২০২৬

পুলিশ হত্যাসহ সব অপরাধের বিচার হবে: আইজিপি

ছবি: আপন দেশ

২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ মার্চ)  বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে, আইনে যা হওয়ার তাই হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন<<>> যুবদল নেতা কিবরিয়া হত্যা: দুই ‘শুটার’ অস্ত্রসহ গ্রেফতার

আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না। এতে আমাদের সকলের ক্ষতি হয়। আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা। তরুনরা মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে।

জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দু’একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাড়তি দরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

তিনি বলেন, ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেয়া একটি চিঠির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি কোনো মন্তব্য করবেন না বলে জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement