প্রতীকী ছবি
ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সির হাট এলাকায় এ সংঘাতের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মীরা ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে গণসংযোগে বের হন। এ সময় তারা লাঠির মাথায় পোস্টার লাগিয়ে প্রচার চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে উপস্থিত বিএনপি কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিনজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. কবির (২৮) - সহ-সভাপতি, মেদুয়া ইউনিয়ন যুবদল। মো. ইকবাল (৩০) - সহ-সাংগঠনিক সম্পাদক, মেদুয়া ইউনিয়ন যুবদল। রাছেল (২২) - সদস্য, ছাত্রদল।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আহত কর্মীদের মধ্যে মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০) ও ফরহাদকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে দৌলতখান উপজেলা জামায়াতের আমীর হাসান তারেক স্বপন হাওলাদার বলেন, বিএনপির নেতাকর্মীরা বরাবরই উত্তেজিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আমরা সাধারণ প্রচারণায় ছিলাম, কিন্তু তারা অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এমন অপরাজনীতি থেকে মুক্তি চাই।
পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, জামায়াত কর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। আমাদের কর্মীরা প্রতিবাদ জানালে কথাকাটাকাটি থেকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আমাদেরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও নৌ-বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলতখান থানার ওসি সাইফুল ইসলাম সিকদার জানান, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































