ফাইল ছবি, আপন দেশ
ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে ফেনীর পরশুরামের বাসিন্দা নুরুল ইসলাম সাগর (৩৫) প্রায় ৮ মাস আগে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গিয়েছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় সেখানে আটক হন তিনি। বেশ কয়েক দিন কারাগারে ছিলেন। কারাভোগ শেষে তাকে পাঠানো হয় বাংলাদেশে।
শনিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে ঢাকা বিমানবন্দরে নেমেই বুকের ব্যথায় তিনি লুটিয়ে পড়ে মাটিতে। একপর্যায়ে চিরতরে পাড়ি জমান না ফেরার দেশে। এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের স্বজনেরা।
নুরুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তার দুই শিশুসন্তান রয়েছে। নুরুল ইসলাম চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
নুরুল ইসলামের পরিবার সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকটা বাড়িছাড়া ছিলেন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম। ২০২৫ সালের আগস্ট মাসে কর্মসংস্থানের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলে যান তিনি। সেখানে যাওয়ার পর বিভিন্ন এলাকায় অবস্থান শেষে পুলিশের হাতে আটক হন। পরে ১৫ দিন কারাগারে থাকেন। কারাভোগ শেষে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দুইটার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন<<>>হাম উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
নিহত নুরুল ইসলামের বাবা মো. শাহজাহান জানান, রাত দুইটার দিকে পরশুরাম থানার পুলিশ তাদের বাড়িতে এসে জানায় যে তার ছেলে ঢাকার বিমানবন্দরে মারা গেছেন। পরে তিনি দুই প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মরদেহ আনতে ঢাকার উদ্দেশে রওনা দেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, কুয়েত থেকে আসা একটি বিমানে ঢাকায় নামার পর বিমানবন্দরের ভেতরেই নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করে পড়ে যান। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী বিষয়টি বিমানবন্দর থানা থেকে পরশুরাম থানাকে জানানো হলে পুলিশ রাতেই পরিবারকে খবর দেয়। সে অনুযায়ী বিমানবন্দর থেকে স্বজনেরা মরদেহ সংগ্রহ করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































