ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) গ্রিস কোস্টগার্ড জানায়, ফ্রন্টেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে থেকে এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে উদ্ধার করে।
নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের মন্ত্রিত্ব দেন মোদি
কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করে গ্রিসের উদ্দেশে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































