ছবি: সংগৃহীত
কুয়েতে অনলাইন পণ্য বা সেবা বিক্রির জন্য বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছে সরকার। এটি দেশটির ডিজিটাল বাণিজ্য বা অনলাইন বিক্রির ক্ষেত্রে নতুন আইন হিসেবে জারি করা হয়েছে।
এ নতুন আইন ডিক্রি-ল নং ১০/২০২৬ এর মাধ্যমে প্রণীত হয়েছে। যা ই-কমার্স বা অনলাইন বাণিজ্য ক্ষেত্রকে আইনত রেগুলেট করবে। আইনের লক্ষ্য হলো ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা, ভোক্তাদের সুরক্ষা দেয়া এবং অনলাইন ব্যবসায় বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করা।
মূল বিধানগুলোর মধ্যে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন (ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স প্ল্যাটফর্ম) মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে আগে কুয়েত কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে।
অনলাইন স্টোরে ব্যবসা ও পণ্যের স্পষ্ট তথ্য দেয়া বাধ্যতামূলক। গ্রাহকরা পণ্য বা সেবায় ভুল বা ত্রুটি হলে ১৪ দিনের মধ্যে পরিত্যাগ, ফেরত বা বদল করতে পারবেন। যেখানে লাগবে না কোনো অতিরিক্ত খরচ। ডিজিটাল বিজ্ঞাপনেও সঠিক তথ্য, মূল্য, যোগাযোগ নম্বরসহ বিস্তারিত তথ্য থাকতে হবে এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়া নিষিদ্ধ।
আরও পড়ুন <<>> লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৫ বাংলাদেশি
ব্যবসায় লেনদেনে কুয়েত কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা আবশ্যক। এ আইন লঙ্ঘন করলে জেল, জরিমানা ও অনলাইন দোকান বন্ধ করে দেয়া পর্যন্ত কঠোর শাস্তি হতে পারে। একই অপরাধ পুনরাবৃত্তি হলে শাস্তি দ্বিগুণ করা হবে। সেন্সর করা সরঞ্জাম বা ব্যবসার জন্য ব্যবহৃত সম্পদও বাজেয়াপ্ত করা যেতে পারে। আইনটি অফিসিয়াল গেজেটে প্রকাশের ছয় মাস পর কার্যকর হবে, যাতে মন্ত্রণালয় ও ব্যবসায়ী দুই পক্ষই প্রস্তুতি নিতে পারে।
এ নতুন ডিজিটাল বাণিজ্য আইন কুয়েতে অনলাইন ব্যবসাকে নিয়মতান্ত্রিক করবে, ভোক্তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে এবং অনলাইন বিক্রেতাদের জন্য আরো প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য বাজার গড়ে তুলবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































