ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ার লেনদেনে অনিয়ম ও কারসাজির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে দু’জনকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৪ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিনিয়োগকারী মো. দেলোয়ার হোসেন ও কোম্পানিটির ভ্যাট ইনচার্জ মো. সোলয়মান।
কমিশনের পৃথক দুটি এনফোর্সমেন্ট আদেশে জরিমানা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তে দেখা যায়, ২০২৫ সালের ১৫ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত রহিমা ফুডের শেয়ারের দাম ৬৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৪১ টাকা ২০ পয়সায় দাঁড়ায়।
তদন্ত অনুযায়ী, দেলোয়ার হোসেন এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ ও শেলটেক ব্রোকারেজে থাকা নিজের দুটি বিও হিসাব ব্যবহার করে কৃত্রিম লেনদেন করেন। ২০২৫ সালের ২৯ জুলাই তিনি এক হিসাব থেকে অন্য হিসাবে প্রতিটি ১৩৪ টাকা দরে ২ হাজার ৮৬টি শেয়ার স্থানান্তর করেন। এতে প্রকৃত মালিকানা অপরিবর্তিত থাকলেও বাজারে কৃত্রিম চাহিদা তৈরির চেষ্টা হয়। দেলোয়ার এটিকে প্রযুক্তিগত ভুল বলে দাবি করলেও বিএসইসি তা গ্রহণ করেনি।
অন্যদিকে, কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে নিষিদ্ধ সময়ে শেয়ার লেনদেনের অভিযোগে সোলয়মানকে জরিমানা করা হয়।
তদন্তে বলা হয়, সোলয়মান ও তার স্ত্রী নাজমা বেগম নিষিদ্ধ সময়ে কোম্পানির ১২ হাজার ৪০৯টি শেয়ার কেনেন। ১০ হাজার ২৫৪টি শেয়ার বিক্রি করে ২ লাখ ৪৯ হাজার টাকা মুনাফা করেন।
শুনানিতে সোলায়মান বিধি সম্পর্কে অজ্ঞতার কথা বললেও কমিশন তা নাকচ করে। বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।
আপন দেশ/কেএম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































