ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর মাত্র ১২ কার্যদিবসে প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। তবে এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিটদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে ফান্ডটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে ফান্ড কর্তৃপক্ষ জানায়, দর বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২২ জুন ফান্ডটির ইউনিটদর ছিল ৮ টাকা ৪০ পয়সা। পরে ৯ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১২ কার্যদিবসে ইউনিটপ্রতি মূল্য বেড়েছে ২ টাকা ৮০ পয়সা, যা প্রায় ৩৩ শতাংশ।
আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৮৭১ কোটি টাকা লেনদেন
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (EPS) হয়েছে ৭৬ পয়সা।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা ছিল ২ টাকা ৯ পয়সা। তবে ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটি ইউনিটপ্রতি ১৭ পয়সা লোকসান করে।
২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ফান্ডটির ৭৬ দশমিক ৬৭ শতাংশ ইউনিট।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































