আইপিডিসি লোগো
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী নিট সুদ আয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনার কারণে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, প্রথম প্রান্তিকের এ ফলাফল প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ভিত্তির দৃঢ়তা এবং কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়নের প্রতিফলন। গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৬ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৯ পয়সা। একই সময়ে পরিচালন আয় ২৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৯৪ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট সুদ আয় ৬ দশমিক ১ শতাংশ বেড়ে ২৪২ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে সুদ ব্যয় মাত্র ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১৮৪ কোটি ৪০ লাখ টাকায় পৌঁছেছে। ফলে নিট সুদ আয় ২২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫৮ কোটি ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
আরও পড়ুন<<>>দিন শেষে লেনদেনের শীর্ষে ১০ শেয়ার
এ ছাড়া সরকারি সিকিউরিটিজ ও বিস্তৃত ট্রেজারি পোর্টফোলিও থেকে উচ্চ আয় হওয়ায় বিনিয়োগ খাতে আয় ৩২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ৩১ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে কমিশন ও ব্রোকারেজ আয় ১৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
সব মিলিয়ে কোম্পানিটির মোট পরিচালন আয় বেড়ে ৯৪ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
অন্যদিকে পরিচালন ব্যয় মাত্র ৩ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৯ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। ফলে প্রভিশনের আগের মুনাফা ৪৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৫৪ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ঋণ, অগ্রিম ও লিজের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ১৮ শতাংশ কম। বাছাইকৃত ঋণ বিতরণ নীতির কারণে এ পরিবর্তন এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে মোট আমানত ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৬ হাজার ৩২৪ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ১৮ দশমিক ১ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ১৭ দশমিক ৮৫ টাকা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































