ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ জয়ের স্বীকৃতি বলতে এতদিন ছিল শুধু সোনালি ট্রফি আর স্বর্ণপদক (মেডেল)। ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। দৃষ্টিনন্দন এক চ্যাম্পিয়নশিপ রিং।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেদিন বিশ্ব চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি প্রথমবারের মতো তুলে দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং।
ফিফার কোনো টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম চালু হচ্ছে এমন স্বীকৃতি।
ফিফার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি বিশেষ আংটি তৈরি করা হবে, যা টুর্নামেন্টের বছরকে স্মরণ করেই নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং যাবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের কাছে। এর বাইরে বাকি ১ হাজার ৯৯৬টি ফিফার আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে। ফলে ভক্ত-সমর্থকরাও বিশ্বকাপের ইতিহাসের একটি বিশেষ স্মারক সংগ্রহের সুযোগ পাবেন।
এ আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে যুক্ত করা হবে চ্যাম্পিয়ন দলের নাম তথা নিজস্ব পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদাভাবে নম্বরযুক্ত, সংশ্লিষ্ট ব্যক্তির মাপ অনুযায়ী তৈরি এবং থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদও।
ফাইনাল শেষ হওয়ার পরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী হিসেবে আংটি তুলে দেয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি প্রত্যেকের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে।
উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়নশিপ রিং দেয়ার ঐতিহ্য বহুদিনের। সে সংস্কৃতিই এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপের সঙ্গে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































