Apan Desh | আপন দেশ

ইকুয়েডরের বিদায়, শেষ ষোলোয় মেক্সিকো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৫, ১ জুলাই ২০২৬

আপডেট: ১০:৪৬, ১ জুলাই ২০২৬

ইকুয়েডরের বিদায়, শেষ ষোলোয় মেক্সিকো

ছবি সংগৃহীত

নিয়মিত খেললেও ১৯৮৬ বিশ্বকাপের পর আর নকআউটে জয়ের দেখা মিলছিল না। অবশেষে এলো সে মহেন্দ্রক্ষণ। ৪০ বছরের আক্ষেপ ঘুচিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে জয়ের স্বাদ পেল মেক্সিকো। বাংলাদেশ সময় বুধবার (০১ জুলাই) সকালে আসতেকা স্টেডিয়ামে রাউন্ড অব বত্রিশে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে বিশ্বকাপের সহআয়োজকরা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই জয়ের ভিত গড়ে মেক্সিকো। ২২তম মিনিটে নিজেদের অর্ধ থেকে শুরু হওয়া দ্রুতগতির আক্রমণে সতীর্থের পাস ধরে এগিয়ে যান হুলিয়ান কিনিওনেস। অফসাইডের দাবি উঠলেও ভিএআরে দেখা যায়, পাস নেয়ার সময় তিনি নিজের অর্ধেই ছিলেন। সিদ্ধান্ত বহাল থাকলে গোল করে দলকে এগিয়ে দেন এ ফরোয়ার্ড।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস। ইকুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে জালে বল পাঠান তিনি। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন<<>>এমবাপ্পের নৈপুণ্যে শেষ ষোলোতে ফ্রান্স

বিরতির পর বলের দখল বাড়ায় ইকুয়েডর। কেন্ড্রি পায়েস, জন ইয়েবোয়া ও মইসেস কাইসেদোরা আক্রমণ গড়ে তুললেও মেক্সিকোর সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। পুরো ম্যাচেই স্বাগতিকদের রক্ষণ ছিল দুর্ভেদ্য।

যোগ করা সময়ে ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়েকে ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া ইকুয়েডরের আর ম্যাচে ফেরার সুযোগ হয়নি।

এ জয়ে টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রাখলো মেক্সিকো। চার ম্যাচে চার জয়ের পাশাপাশি এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি তারা। ১৯৯০ সালের ইতালির পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের প্রথম চার ম্যাচ জিতে ক্লিন শিট ধরে রাখার কীর্তিও গড়েছে স্বাগতিকরা। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়