Apan Desh | আপন দেশ

ইয়ামালের রেকর্ডের দিনে সৌদির জালে স্পেনের এক হালি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩২, ২২ জুন ২০২৬

ইয়ামালের রেকর্ডের দিনে সৌদির জালে স্পেনের এক হালি

ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন। তবে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে দলটি। নবাগত কেপ ভার্দের বিপক্ষে তাদের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু সৌদি আরবের ম্যাচ দিয়েই স্বরূপে ফিরল ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (২১ জুন) আটলান্টায় গ্রুপ 'এইচ'-এর ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইউরোপীয় পরাশক্তিরা।

স্পেনের এ দাপুটে জয়ের রাতে ফুটবল ইতিহাসের পাতায় নতুন রেকর্ড লিখেছেন বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। আর এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে উঠে এলো ‘লা রোজা’রা।

আগের ম্যাচে ৭১ মিনিটে বদলি হিসেবে নামা ইয়ামালসহ এ ম্যাচে শুরুর একাদশে মোট চারটি বড় পরিবর্তন এনেছিলেন স্প্যানিশ কোচ। কোচের সে আস্থার প্রতিদান দিতে মাত্র ১০ মিনিট সময় নেন স্প্যানিশ ফুটবলের এ নতুন রাজপুত্র।

দুর্দান্ত এক গোল করে দলকে শুরুতে এগিয়ে নেয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েন তিনি।
২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেয়া ইয়ামাল আজ যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন।

আর এ গোলের মধ্য দিয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি। ২০০৬ বিশ্বকাপে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে নিজের প্রথম গোল পেয়েছিলেন মেসি। আজ আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে দিলেন ইয়ামাল।

একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল (তার ওপরে আছেন কেবল গাভি, ১৮ বছর ১১০ দিন)। আর সর্বকালীন রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের (১৭ বছর ২৩৯ দিন) দখলে।

আরও পড়ুন <<>> মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়ামাল

ইয়ামালের উদ্বোধনী গোলের পর সৌদি আরবকে আর দাঁড়াতেই দেয়নি স্পেন। অল্প সময়ের ব্যবধানে দলের পক্ষে বাকি দুটি গোলই করেন মিকেল ওয়াইরসাবাল। একটি কর্নার কিক থেকে তৈরি হওয়া জটলা থেকে দানি ওলমো দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় প্রথম গোলটি করেন ওয়াইরসাবাল।

ইউরোপীয় চ্যাম্পিয়নদের গোলবন্যা অবশ্য সেখানেই থামেনি। এর কিছুক্ষণ পরই মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমোর বাড়িয়ে দেয়া বলে নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের স্কোরলাইন ৩-০ করেন ওয়াইরসাবাল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন।

প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া সৌদি আরব দ্বিতীয়ার্থের শুরুতেই বড় ধাক্কা খায়। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়ে বসে তারা। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার একটি দুর্দান্ত ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও তা ডিফেন্ডার হাসান আল তামবাকতির শরীরে লেগে জালে ঢুকে যায়। এ আত্মঘাতী গোলের ফলে স্পেনের লিড দাঁড়ায় ৪-০ তে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে এটি অষ্টম আত্মঘাতী গোল। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি আত্মঘাতী গোল (১২টি) হয়েছিল কেবল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

সৌদি আরবের পক্ষে আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা ছিল না। তবে দ্বিতীয়ার্থের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের একটি গোল বাতিল না হলে স্পেনের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এ হারের পর সৌদি আরবের জন্য টুর্নামেন্টের পরের রাউন্ডে টিকে থাকা এখন কঠিন হয়ে পড়ল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়