ছবি: আপন দেশ
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করা নিয়ে দুই পক্ষের বিবাদ ও হট্টগোলের জেরে একপর্যায়ে সভাটি স্থগিত ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১২টায় সভার কার্যক্রম শুরু হলে প্রথমেই সভাপতিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। উপস্থিত সিনিয়র সদস্যরা ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ও সিনিয়র কৃষিবিদ ইব্রাহিম খলিলের নাম প্রস্তাব করেন। তবে একাংশ এর বিরোধিতা করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডির নাম প্রস্তাব করে।
এ নিয়ে সমঝোতা না হওয়ায় এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব জানান, সভার সভাপতির বিষয়ে এ্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধান্ত দেবেন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মকর্তা ও এ্যাবের সদস্য শফিকুল ইসলাম শফিক আপত্তি তুলে বলেন, এটি এ্যাবের কোনো দলীয় অনুষ্ঠান নয়, তাই এ্যাবের সিদ্ধান্ত তিনি মানবেন না।
সভায় উপস্থিত কয়েকজন কৃষিবিদ জানান, এ সময় শফিকুল ইসলাম শফিক বহিরাগতদের নিয়ে সিনিয়র কৃষিবিদদের সঙ্গে অসদাচরণ করেন। এতে সাধারণ কৃষিবিদদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরা সবাই কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডির অনুসারী।
কৃষিবিদ কে আই এফ সবুর বলেন, যারা বর্তমান প্রশাসকের অনিয়মের সুবিধাভোগী, তারাই পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে এসে সভাটি পণ্ড করেছে। তারা চায় না কেআইবি স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হোক।
এ বিষয়ে এ্যাবের সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব বলেন, বর্তমান প্রশাসক গত ১৩ মাসে প্রায় ৩৭ লাখ টাকা সম্মানী নিয়েছেন এবং নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তাকে সরিয়ে প্রকৃত কৃষিবিদদের হাতে দায়িত্ব হস্তান্তরের জন্যই এ সভা ডাকা হয়েছিল। কিন্তু একটি গোষ্ঠী হট্টগোল সৃষ্টি করে সিনিয়রদের লাঞ্ছিত করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে সভাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তীতে সকলের সঙ্গে আলোচনা করে সভার নতুন তারিখ নির্ধারণ করা হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































