ছবি : আপন দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। এমনটিই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা এ টার্মিনালটি উদ্বোধন করতে চাই। আপনারা জানেন যে, বিগত ফ্যাসিস্ট আমলে এ টার্মিনালটা উদ্বোধন করা হয়েছিল। শুধু বিল্ডিংটা উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এটি চালুর যে উদ্যোগ, সেটি নেয়া হয়নি।
তিনি বলেন, এ টার্মিনালে ইন্টারনেট নেই। মেশিনপত্রের ব্যবস্থাপনা নেই। এটি কীভাবে উদ্বোধন হবে, তার কোনো চিন্তাভাবনা ছিল না।
আরও পড়ুন: কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ
বিমানমন্ত্রী বলেন, রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাংলাদেশিরা পাবে, বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানি পাবে। এমনটি কথা ছিল। আমার বারবার মিটিং করে সম্মিলিত প্রচেষ্টায় রেভিনিউ ২৭ শতাংশ আনতে সক্ষম হয়েছি। ২৭ শতাংশ আনতে পারলে আমাদের ঋণটা পরিশোধ করা যাবে। এটি জাইকার ঋণে করা হয়েছে।
তিনি বলেন, অন্যান্য খাতের আয় থেকে এ টার্মিনালের ঋণের কিস্তি ইতোমধ্যে দেয়া শুরু হয়েছে। টার্মিনালটির কিস্তি দেয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ কিস্তিটা আমাদের সিভিল এভিয়েশনের আয় থেকে দিতে হচ্ছে। আমরা ১ হাজার ১০০ কোটি টাকা ইতোমধ্যে দিয়েছি এবং ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে।
তিনি আরও বলেন, এ টার্মিনালটা চালু না করা গেলে এভাবেই অন্যান্য খাত থেকে আমাদের ঋণ শোধ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৬ ডিসেম্বরে আংশিক হলেও যাতে চালু করতে পারি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































