Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ নিয়ে প্রতিমন্ত্রীর সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৮, ২৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎ নিয়ে প্রতিমন্ত্রীর সুখবর

ফাইল ছবি

আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং আগামী গ্রীষ্মের আগেই ৩ হাজার মেগাওয়াট সক্ষমতা অর্জন সম্ভব হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মতো তেল-গ্যাসসমৃদ্ধ দেশেও জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি দেশের সরকার কতদিন মূল্য সমন্বয় না করে থাকতে পারে—সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, এরপরও জনগণের কথা বিবেচনা করেই সরকার জ্বালানির মূল্য সমন্বয় করছে। পাশাপাশি সবাইকে সম্পদের পরিমিত ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহবান জানান তিনি।

আরও পড়ুন <<>> দেশজুড়ে বিশেষ অভিযান শুরু হচ্ছে

শিশুদেরও ছোটবেলা থেকেই সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

নিজ দলের নেতা-কর্মীদের সতর্ক করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়