Apan Desh | আপন দেশ

ঢাকা ওয়াসার এমডি হলেন মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৫৭, ২৫ আগস্ট ২০২৬

ঢাকা ওয়াসার এমডি হলেন মনিরুজ্জামান

মো. মনিরুজ্জামান। ফাইল ছবি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক এ পদে নিয়োগ দেয়া হয়।

মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে দায়িত্ব নেয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল সাতজনে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তার চুক্তির অবশিষ্ট মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি।

সাবেক সচিব আমিনুল ইসলাম গত ১০ মার্চ এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। পরদিন ১১ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অর্থাৎ, সাড়ে পাঁচ মাসেরও কম সময় দায়িত্ব পালনের পর তাকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হলো। তার চুক্তির মেয়াদ আগামী বছরের মার্চে শেষ হওয়ার কথা ছিল।

ঢাকা ওয়াসার এমডি পদে ঘন ঘন পরিবর্তনের শুরু হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর। এর আগে প্রায় ১৫ বছর টানা এ পদে ছিলেন তাকসিম এ খান। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি পদত্যাগ করলে পরদিন ওয়াসার জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন এমডির দায়িত্ব নেন। তবে তার নিয়োগ নিয়ে আদালতে মামলা হয়।

এরপর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেয়া হয়।

২০২৫ সালের ১৮ মে ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। তাকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল।

একই সময়ে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার দায়িত্ব পালন করায় তাকে নিয়ে সমালোচনাও হয়। ওই বছরের ৩০ অক্টোবর তাকে স্থানীয় সরকার বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়।

আরও পড়ুন <<>> ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন

এরপর ২০২৫ সালের ১১ নভেম্বর ঢাকা ওয়াসার কর্মকর্তা মো. আবদুস সালাম ব্যাপারীকে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেয়া হয়। তবে তার নিয়োগের যোগ্যতা ও বাছাইপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। প্রায় চার মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ৮ মার্চ তিনি পদত্যাগ করেন।

আবদুস সালামের পদত্যাগের পরদিন, ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেয়া হয়। তবে এক দিনের মাথায় তাকে সরিয়ে এক বছরের চুক্তিতে আমিনুল ইসলামকে এমডি করা হয়।

ফলে ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা ওয়াসার এমডি পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন এ কে এম সহিদ উদ্দিন, মো. ফজলুর রহমান, মো. শাহজাহান মিয়া, মো. আবদুস সালাম ব্যাপারী, মুহা. মনিরুজ্জামান ও মো. আমিনুল ইসলাম। নতুন নিয়োগ পাওয়া মনিরুজ্জামান এ ধারাবাহিকতায় সপ্তম ব্যক্তি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়