Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ২৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম সফর হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

মোহাম্মদ রফিকুল হক বলেন, আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছিল।

এর আগে গত ২৪ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুলের প্রথম সফর হওয়ার কথা ছিল। ফলে তার সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর সামনে রেখে সরকারি বিভিন্ন দফতরেও প্রস্তুতি শুরু হয়।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়