ছবি: সংগৃহীত
তারেক রহমানের মন্ত্রিসভার নতুন পূর্ণ মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নিলেন চারজন। তারা হলেন ড. আবদুল মঈন খান,ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। তাদের মধ্যে প্রথম তিনজন নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর মিল্লাত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। এবার তিনি ‘পদোন্নতি’ পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তিনি শপথ বাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে শুরু হয় নতুন রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি অনুষ্ঠান শুরু করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ অতিথিকে দাওয়াত করা হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, এমপি, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে ছিলেন।
আপন দেশ/এসএস/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































