ছবি: আপন দেশ
হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমীরের দোয়া নিতে এসেছি।
রোববার (০৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি।
ফটিকছড়ির বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে হাসপাতালের সমস্যা রয়েছে, শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করব।
আরও পড়ুন <<>> শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময় দেশে নিজেদের গ্যাস আছে কি না, সেটি খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমন হয়েছে, অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে। বিদেশিদের হাতে গ্যাস দিয়ে দেয়া হয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































