ছবি: আপন দেশ
কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পৌঁছে দেয়া হয় পদত্যাগপত্র। তবে এখনও বঙ্গভবন ছাড়েননি তিনি।
সদ্য সাবেক এ রাষ্ট্রপতি রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। এরপর মো. সাহবুদ্দিন গুলশানের ১২৩ নম্বর রোডে তার নিজ বাসা ‘গ্রিন ভিলা’য় উঠতে পারেন।
এরইমধ্যে গুলশানে বাসভবনে পরিচ্ছন্নতার কাজ চলছে। বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে আসবাবপত্র। বাড়ির ব্যবস্থাপনা–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন—এমন প্রস্তুতি নিয়েই কাজ চলছে। বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটটিতে মো. সাহাবুদ্দিন থাকতেন।
শনিবার সকালে গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। বাড়ির সামনে কয়েকজন গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। ভেতরে ভাড়াটিয়াদের গাড়ির চালকেরা গাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।
বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন বলেন, স্যার কবে আসবেন, আমরা নিশ্চিতভাবে জানি না। তবে আমাদের সবকিছু পরিষ্কার–পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। সে অনুযায়ী কাজ করছি। স্যার কয়েক দিনের মধ্যেই বাসায় আসতে পারেন।
আরও পড়ুন<<>>পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
সরেজমিনে দেখা যায়, বাড়ির নিচতলায় গাড়ি পার্কিংয়ের পাশেই একটি বসার কক্ষ রয়েছে। সেখানে কয়েকটি সোফা ও একটি টেবিল রাখা আছে। আসবাবগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কক্ষের এক পাশে রঙের কয়েকটি কৌটা রাখা হয়েছে। দেয়ালের পুরোনো রং ঘষে তুলে নতুন করে রং করার প্রস্তুতি নেয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিটিসিএলের কর্মীরা নতুন টেলিফোন লাইন লাগিয়েছেন। বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানান, তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এ বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোক এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে উনি এসেছিলেন, এরপর রাত পৌনে ৯টা নাগাদ উনি এখান থেকে চলে গেছেন। এখানে এসবির (স্পেশাল ব্রাঞ্চ) কয়েকজন লোক রয়েছেন।
বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, মূলত সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছি, আমাদের অফিসের বসের নির্দেশে। আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে, উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেয়া হয়েছে। তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































