Apan Desh | আপন দেশ

‘দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেয়ার কাজ চলছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১১, ২৩ জুলাই ২০২৬

আপডেট: ১৪:২০, ২৩ জুলাই ২০২৬

‘দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নেয়ার কাজ চলছে’

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। ২০৩৪ সালের মধ্যে এটি বাস্তবায়ন হবে-ইনশাল্লাহ। জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশনসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার।

‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

‘ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)’ আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ জন বিশিষ্ট প্রতিনিধি অংশ নিয়েছেন। উপস্থিত আছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন<<>>বিনিয়োগ বৃদ্ধি-অর্থনৈতিক উত্তরণে একযোগে কাজের আহবান

আয়োজকরা জানান, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে এবং একই সঙ্গে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ জোরদার করছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ লক্ষ্য সামনে রেখেই ফিকি এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনা সহজ করার প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ‘ফিকি এফডিআই’ রিপোর্ট উন্মোচন করা হয়। এ রিপোর্টে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও নীতিগত সুপারিশ তুলে ধরা হয়।

এছাড়া, সম্মেলনে দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীদের অবদানের কথা স্মরণ করা হয় এবং বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে একটি গঠনমূলক নীতিগত সুপারিশ প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়