Apan Desh | আপন দেশ

জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১০, ১১ জুলাই ২০২৬

জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

ছবি: আপন দেশ

ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছেন রাজধানীর বাড্ডা ও আফতাবনগর এলাকার স্থানীয় বাসিন্দারা। 

এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জমি দখল, সরকারি রাস্তা বন্ধ, খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে প্লট বিক্রি এবং প্লট নিয়ে প্রতারণার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে নিজেদের পৈতৃক জমি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর আফতাবনগরের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আফতাবনগর, আলিফনগর, আনন্দনগর, ডিআইটি ও জিয়া কলোনির স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ এবং শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে মো. মোহন মিয়া অভিযোগ করেন, খিলগাঁও দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া মৌজায় তাদের ৩৩ শতাংশ পৈতৃক জমি রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে তার জমির একটি অংশ দখল করে সেখানে মসজিদের সাইনবোর্ড টানিয়ে রাখা হয়। দেশে ফিরে তিনি দেখতে পান, ইস্টার্ন হাউজিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তার জমি দখলের চেষ্টা করছেন। পরে জাল দলিলের মাধ্যমে তার ১৩ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তার দাবি, নামজারি, খাজনা ও খারিজসহ প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি জমিতে ভবন নির্মাণের অনুমতি পাচ্ছেন না। রাজউকের পক্ষ থেকে ইস্টার্ন হাউজিংয়ের অনাপত্তি বা ছাড়পত্র ছাড়া অনুমোদন দেয়া হবে না বলে তাকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন। 

আরও পড়ুন<<>>ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

মোহন মিয়া আরও জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য তিনি ভূমি আপিল বোর্ডে মামলা করেছেন। গুলশান সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারের তদন্ত প্রতিবেদনে তার পক্ষে মতামত দেয়া হয়েছে। সেখানে তিনি জমির বৈধ দখলদার বলে উল্লেখ থাকলেও এখনো মামলার নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, আফতাবনগর এলাকায় তার আরও প্রায় ২০ কাঠা পৈতৃক জমিও দখল করে নিয়েছে ইস্টার্ন হাউজিং।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহন মিয়ার মতো আরও অনেক ব্যক্তি ও পরিবার ইস্টার্ন হাউজিংয়ের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অভিযোগ, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি) ও রাজউকের মাস্টারপ্ল্যান উপেক্ষা করে আফতাবনগর-আলিফনগর সংযোগের সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। এতে স্থানীয় বাসিন্দাদের কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া পরিকল্পনায় থাকা মরদেহ সংরক্ষণাগার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, রেস্ট হাউস ও খেলার মাঠের জন্য নির্ধারিত জায়গা বিক্রি করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

তাদের আরও অভিযোগ, রামপুরা-ডেমরা সড়কের একটি সরকারি রাস্তা কোম্পানির নিজস্ব রাস্তা হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি খাসজমি দখল করে প্লট বিক্রি এবং অনেক প্লট ক্রেতাকে দলিল না দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে মানববন্ধন থেকে ইস্টার্ন হাউজিংয়ের কথিত অবৈধ লে-আউট বাতিল, ভুক্তভোগীদের জমি দখলমুক্ত করা, প্লট ক্রেতাদের দ্রুত দলিল প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাজউকের অনাপত্তিপত্র (এনওসি) দেয়ার দাবি জানানো হয়। এ ছাড়া বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়