ফাইল ছবি
কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী এ তথ্য জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে আকস্মিক ছিদ্র (লিক) ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় লাইটার জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হয়নি। ফলে জ্বালানির অভাবে অপর বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, এ দুই কারণে একযোগে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়েছে, যা বর্তমান চাহিদার তুলনায় বড় ধরনের ঘাটতি তৈরি করেছে।
পরিস্থিতিকে ‘জাতীয় সংকট’ হিসেবে উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় সংকট। আসুন, আমরা সবাই মিলে এই সংকট উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।
আরও পড়ুন <<>> অন্তর্বর্তী সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত মেরামতকাজ চলছে এবং সমুদ্রের আবহাওয়া পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে পারে। তখন দেশজুড়ে লোডশেডিংয়ের প্রকোপও অনেকটাই কমে আসবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































