Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী তুরস্ক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ৫ জুন ২০২৬

আপডেট: ১৮:১৭, ৫ জুন ২০২৬

বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী তুরস্ক

হাকান ফিদান। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত বলে উল্লেখ করেছে তুরস্ক। একই সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার (০৫ জুন) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

হাকান ফিদান বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘমেয়াদে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় আঙ্কারা। প্রতিরক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ সফরে আসা প্রথম প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার (০৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খলিলুর রহমান বলেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। 
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন <<>> ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’

যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায় তার দেশ। অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়