Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয়: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ২৪ মে ২০২৬

আপডেট: ১৭:০১, ২৪ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয়: রেলমন্ত্রী

ছবি: আপন দেশ

ঈদে যাত্রীদের যাতায়াত নিশ্চিত করার জন্য ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের ছুটিতে ট্রেনে বাড়ি ফেরার জন্য মানুষের প্রচুর চাহিদা থাকে। বিশেষ করে ঢাকার বাইরে যারা যেতে চান, সেখানে ট্রেন জার্নিটা ঈদযাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। এ চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়।

রোববার (২৪ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, ঈদ উপলক্ষে এটি আরও ২৫ শতাংশ বাড়িয়ে চার হাজারের মতো অতিরিক্ত যাত্রী যাওয়ার সুযোগ করে দেয়া যায়। কিন্তু লক্ষ লক্ষ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে, তাই সে ম্যানেজমেন্টটা একটা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ট্রেনের পরিবেশ ও যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। ট্রেনের পরিচ্ছন্নতা বজায় আছে এবং সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাত্রীরা যাচ্ছে, যদিও যাত্রীদের কথা বিবেচনা করে আমরা ক্যাপাসিটির বাইরেও ২৫ শতাংশ অতিরিক্ত টিকিট দিয়েছি।

আজ সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছেড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর মধ্যে একটি ট্রেন হুইল স্লিপ করার কারণে দেরিতে আসে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন <<>> ২১ প্রার্থীকে ইসির জেল-জরিমানার হুঁশিয়ারি

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের ওপর প্রচুর খড় (ধানের অবশিষ্ট অংশ) শুকানোর জন্য দেয়া হয়েছিল, যার ফলে চাকা স্লিপ করে। ট্রেনটি উদ্ধার করে আবার সচল করে নিয়ে আসতে হয়েছে। এ কারণে দুটি বা তিনটি ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটেছে—একটি ২০ মিনিট, একটি এক ঘণ্টা এবং অন্যটি দুই ঘণ্টার মতো।

ঈদযাত্রার দ্বিতীয় দিন হিসেবে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় কম দেখা গেছে। নির্দিষ্ট টিকিটের বাইরে অতিরিক্ত যাত্রী তেমন দেখা যায়নি। বিশেষ করে ট্রেনের ছাদে কোনো যাত্রী উঠতে দেখা যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়