Apan Desh | আপন দেশ

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিদল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ২১ মে ২০২৬

আপডেট: ০০:৫২, ২১ মে ২০২৬

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক বৃহস্পতিবার (২১ মে) থেকে কলকাতায় শুরু হচ্ছে। শনিবার (২৩ মে) পর্যন্ত তিন দিনব্যাপী এ বৈঠক চলবে। বৈঠকে অংশ নিতে বাংলাদেশের ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছেছে। সফরকালে তারা ফারাক্কা ব্যারাজের যৌথ প্রবাহ পরিমাপ স্থলও পরিদর্শন করবেন।

বুধবার (২০ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বৈঠককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটে চুক্তি নবায়ন দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির। এছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিনিধিদলে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন <<>> পদ্মার সঙ্গে তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার : প্রধানমন্ত্রী

এর আগে গত বছরের মার্চে পশ্চিমবঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র তখন জানিয়েছিল, সেটি নিয়মিত বৈঠক হলেও গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে তার বিশেষ গুরুত্ব ছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়