ফাইল ছবি
৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে ১০১ প্রার্থীকে বাদ দিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির শর্ত পূরণ করতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বুধবার (২০ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জরুরি বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীর সাময়িক মনোনয়ন ও ফলাফল বাতিল করা হয়।
পিএসসি জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট পদের আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতার সঙ্গে প্রার্থীদের সনদের সামঞ্জস্য না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইন্সট্রাক্টর (ইংরেজি) পদে। বিএড ডিগ্রি না থাকায় এ পদে ৫৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ইন্সট্রাক্টর (বাংলা) পদে বিএড ও বাংলা বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি না থাকায়ও ১৭ জন বাদ পড়েছেন।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে এমপিএইচ, ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রি না থাকায় ১৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন <<>> বিসিএসে স্থগিত ৬ প্রার্থীর মনোনয়ন বহাল
এছাড়া তুলা উন্নয়ন কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, ইনস্ট্রাক্টর (টেক) মেশিন অপারেশন বেসিকস এবং প্রভাষক (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ) পদেও প্রয়োজনীয় ডিগ্রি না থাকায় কয়েকজনের ফলাফল বাতিল হয়েছে।
এদিকে প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে আরও সাত প্রার্থীর সুপারিশ সাময়িকভাবে স্থগিত রেখেছে পিএসসি। এদের মধ্যে সহকারী শিক্ষক (ইংরেজি) ও সহকারী শিক্ষক (গণিত) পদের প্রার্থীরা রয়েছেন। তাদের আগামী ৪ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে নৈর্বাচনিক বিষয় থাকার প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নবম, দশম ও একাদশ গ্রেডের মোট দুই হাজার ৯৫৮টি নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল পিএসসি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































