ছবি : আপন দেশ
সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ আমলে সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চালানো হয়েছে। বর্তমানে এমন ঘটনা সরকার বসে বসে দেখবে না।’
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশ সরকার এখন কাঁটাতার ভয় পায় না। হাসিনা সরকারের আমলে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং সে সরকার বসে বসে দেখেছে, এ সরকারের আমলে তা হবে না।’
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের নতুন সরকারকে সময় দেয়া হবে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের অভ্যন্তরীণ নির্বাচনকালীন রেটরিক এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ নতুন রাজ্য সরকারকে সময় দেবে।’
তিস্তা ব্যারেজ এবং তিস্তা চুক্তি বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘চায়নার এক্সিম ব্যাংক তিস্তায় অর্থায়নের আগ্রহ দেখিছে। সব কিছু মিলিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন।’
আরও পড়ুন : সাইবার পুলিশ ইউনিট গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
এ ছাড়া কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়ায়, তিস্তা চুক্তির আলোচনা আরও সহজ হতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































