ছবি : আপন দেশ
নিজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঠিকমতো অফিসে উপস্থিতি যাচাইয়ে সরাসরি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে হাজির স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকার নির্ধারিত অফিসে প্রবেশের সময় সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দেয়া হয়।
পরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে যে তথ্য প্রতিমন্ত্রীর সামনে এলো তাতে দেখা গেল অনুপস্থিত প্রায় ৩২ শতাংশ।
সোমবার (০৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে ঝটিকা সফরে যান প্রতিমন্ত্রী।
সরেজমিন দেখা যায়, সকাল ৯টা বাজতেই বন্ধ হয়ে যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ভেতরে ঢোকার প্রত্যেকটি প্রবেশপথ। কর্মকর্তা-কর্মচারীদের ভিড় জমে যায় ভেতরে ঢোকার গেটগুলোতে। অনেকেই তখনো ঘটনা বুঝে উঠতে পারেননি। একে-অপরের সঙ্গে কথা বলতে বলতে যা জানলেন, তাতে চোখ কপালে উঠলো প্রায় প্রত্যেকেরই। জানতে পারলেন, সঠিক সময়ে সবাই অফিসে প্রবেশ করছে কি না তা দেখতে সকাল ৮টা ৫৫ মিনিটেই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সশরীরে হাজির হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বন্ধ গেটের বাইরে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। আর এরই মধ্যে কয়েকজনকে ভেতরে পাঠিয়ে সংগ্রহ করলেন উপস্থিতির তথ্যাবলী।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে অনেকটা আক্ষেপের সুরেই জানালেন, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসেই প্রবেশ করেননি।
যেখানে খোদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব উপসচিবসহ পদস্থ কর্মকর্তারা ৯টা-৪টা অফিসের সময় অক্ষরে অক্ষরে পালন করছেন, সেখানে সরকারের বিভিন্ন দফতর, অধিদফতরে নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন তিনি।
আরও পড়ুন : ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নেয়ার সুযোগ নেই
প্রতিমন্ত্রী বলেন, ‘এভাবেই আকস্মিক সফর করবেন বিভিন্ন দফতর, অধিদফতরে। উপস্থিতির ব্যত্যয় পেলেই নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































