Apan Desh | আপন দেশ

সরকার কেমন দুদক চায়, জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ৪ এপ্রিল ২০২৬

সরকার কেমন দুদক চায়, জানালেন তাসনিম জারা

ছবি : আপন দেশ

সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন। এমন মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, তা কখনোই সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না। সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চাইছে মূলত দুটি কারণে।'

জারা বলেন, ‘প্রথমত, এ অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেয়া হয়েছিল। সরকার এ ক্ষমতাকে সংবেদনশীল বলছে। দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি বর্ধিত ও সম্পূর্ণ স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল। সরকার বলছে, এটি নিয়ে তাদের আরও নীতিগত সিদ্ধান্ত বা কনসালটেশন প্রয়োজন।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা যায়। কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা নিয়ে আপত্তি তোলা অযৌক্তিক। প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও পালানোর সুযোগ তৈরি করে।’

তাসনিম জারা বলেন, ‘একটি কার্যকর দুর্নীতিবিরোধী সংস্থাকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হয়। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেয়ার মাধ্যমে সরকার এমন একটি দুদক গঠন করতে চাচ্ছে, যা সরকারের ওপর নির্ভরশীল হবে।’

তিনি বলেন, ‘এটি অনেক সময় বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন বাছাই কমিটি জরুরি।’

আরও পড়ুন : ঢাকাসহ ২৭ জেলায় বইছে তাপপ্রবাহ

তিনি আরও বলেন, ‘আইনটি বাতিল না করে প্রয়োজন হলে সংসদে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়