Apan Desh | আপন দেশ

প্রশাসনের একপেশে আচরণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসনের একপেশে আচরণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

ছবি: আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে, প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ঢাকা-১৫ আসনে (যেখানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন) ও পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা, অফিস ভাঙচুর হচ্ছে। 

পাবনায় জেলা আমিরের ওপর হামলা, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে জামায়াত নেতারা বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করেন অ্যাডভোকেট জুবায়ের। 

তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় তৈরি করতে, তাদের নির্বাচনবিমুখ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের বড় দায়িত্ব।

সম্প্রতি ১১টি নারী সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে।

জামায়াতের আমীরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি এবং তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থনের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

তিনি আরও বলেন, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু, সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়