Apan Desh | আপন দেশ

ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৭, ১১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১১:০৫, ১১ ডিসেম্বর ২০২৩

ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। রাত পৌনে দশটার দিকে সালাউদ্দিন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউর লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি আরও জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন থাকা খায়ের মিয়া নামে একজন মারা যান। 

নিহতের ছেলে ইমন বলেন, আমার বাবা রয়েল ফিলিং স্টেশন এ লোড-আনলোডের কাজ করতেন। ওই ঘটনায় আমার বাবাও দগ্ধ হন। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকদের কাছ থেকে আমরা জানতে পারি। রাতে আমার বাবা শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমি আমার বাবার একমাত্র সন্তান। দুপুরের দিকে ওই এলাকার এমপি সাহেব আমার বাবাকে দেখতে এসেছিলেন। এখন আমি নিজেও জানি না কী করে আমাদের সংসার চলবে।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার নুরপুর গ্রামে। বর্তমানে মিরপুরের সেনপাড়া এলাকায় ভাড়া থাকি।

গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের আট শতাংশ, মো. রানার পাঁচ শতাংশ ও মো. মামুনের পাঁচ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়