ছবি : আপন দেশ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে এ মামলার আবেদন করা হয়েছিল।
সোমবার (০৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদন খারিজ করে দেন।
জানা গেছে, মামলায় ড. ইউনূস ও নূর জাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করার আর্জি জানানো হয়েছিল।
মামলার আর্জিতে বলা হয়, আসামিদের দায়িত্বের চরম অবহেলায়, কু-উদ্দেশ্য ও দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণে শিশুদের টিকা না দেয়ার ফলে হামের প্রার্দুভাব হয় এবং মহামারি আকারে দেখা দেয়। এ ঘটনায় আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দোষী। তারা জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছেন।
অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছিল।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪
এদিকে, সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার শিশু হামের লক্ষণ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। এ সময়ে ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































