Apan Desh | আপন দেশ

ইসরায়েলি মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ৯ জুন ২০২৬

ইসরায়েলি মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

বেজালেল স্মোট্রিচ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং বসতি সম্প্রসারণ কার্যক্রমে উৎসাহ দেয়ার অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ একাধিক ব্যক্তির ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জঁ-নোয়েল বারো জানান, আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই এ যৌথ জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে একযোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে। মূলত পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়া এবং অবৈধ বসতি স্থাপনের কার্যক্রম জোরদার করার সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের আওতায় ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ছাড়াও চারটি প্রভাবশালী বসতি স্থাপনকারী সংগঠনের নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীর ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বেজালেল স্মোট্রিচের সমালোচনা করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রকাশ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার পক্ষে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে সক্রিয় প্রচারণাও চালিয়ে আসছেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, স্মোট্রিচ পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপন, গাজায় পুনরায় বসতি স্থাপনের উদ্যোগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার মতো বিভিন্ন নীতিকে সমর্থন ও উৎসাহ দিয়ে আসছেন।

আরও পড়ুন <<>> খামেনির দাফনের সময় জানাল ইরান

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এসব নীতির নেতিবাচক প্রভাব সরাসরি ফিলিস্তিনি জনগণের ওপর পড়ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ ফিলিস্তিন ও ইসরায়েল সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে। তাই এ ধরনের কর্মকাণ্ড সে লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, এ বাস্তবতাকে সামনে রেখেই ফ্রান্স এবং তার মিত্র দেশগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়