Apan Desh | আপন দেশ

ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৭, ২৯ মার্চ ২০২৬

ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। 

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

শনিবার (২৮ মার্চ) ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই দ্বিতীয় দফা আক্রমণ চালালো হুথিরা। 

ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের ‘আগ্রাসন ও হামলা’ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এ সামরিক অভিযান অব্যাহত থাকবে।

হুথিদের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়েছে। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, এ হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছি। ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে এ যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে অন্য কেউ যোগ দেয়, তবে আমাদের আঙুল সবসময় বন্দুকের ট্রিগারে রয়েছে।’

আরও পড়ুন : ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

এ সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। হুথিদের এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়